চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের মালিতা আলুকদিয়া গ্রামের চকপাড়ার মৃত হারু মালিতার ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী এবং তিন সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে আব্দুল কাদের মালিতা স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আল বেলাল জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা ও চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম বলেন, “ইজিবাইকের ধাক্কায় আহত ওই বৃদ্ধকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এনআই