ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের দলে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চাপের মুখে বিসিসিআইয়ের এক নির্দেশনার পর মুস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কেকেআর। এই নজিরবিহীন ঘটনার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে আজ রাত সাড়ে নয়টায় জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুবাইতে অনুষ্ঠিত এবারের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে ভারত সরকারের নিরাপত্তা শঙ্কার অজুহাতে বিসিসিআই এই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়।
এদিকে কেকেআর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই-এর নির্দেশনা ও অভ্যন্তরীণ আলোচনার পর মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং নীতিমালার আলোকে তারা বদলি ক্রিকেটার নেয়ার অনুমতি পেয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিষয়টি নিয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো নথিপত্র হাতে পাননি।
তিনি বলেন,‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি, আর মুস্তাফিজের বিষয়টি ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সংক্রান্ত। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি। রাত সাড়ে নয়টায় আমাদের জরুরি সভা রয়েছে, এরপরই বিস্তারিত জানাতে পারব।’
আরডি