আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
রবিবার (৪ জানুয়ারি) নাটোর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসান স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।
শোকজ নোটিশে বলা হয়, আপনি (তাইফুল ইসলাম টিপু) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। গত ২ জানুয়ারি লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় আপনার সমর্থকরা মাথায় কলস নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন। উক্ত ঘটনার প্রতিবেদন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ও যমুনা টিভিতে প্রকাশিত হয়েছে।
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী, ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোনো নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি উক্ত স্থান পরিদর্শন এবং মিডিয়ার মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এই কার্যক্রম বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন বলে কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, উক্ত বিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ প্রেরণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো। এর ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু বলেন, "শোকজের বিষয়টি এখনো জানিনি, ক্যাম্পিংয়ে রয়েছি। এটা রুটিং ওয়ার্ক। বাসায় গিয়ে জানতে পারব।"
এনআই