কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে বালুবাহী নৌযান থেকে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক পেশাদার চাঁদাবাজকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, একটি ইঞ্জিনচালিত নৌকা ও ছিনিয়ে নেওয়া নগদ অর্থ জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের কাঁঠালিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষণখোলা গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে নাজির উদ্দিনকে (৩২) আটক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মেঘনা থানায় মামলা করা হয়েছে। নামীয় আসামিরা হলেন—পাড়ারবন্ধ গ্রামের ইংরাজ মিয়ার ছেলে আরিফ (৩২), শহিদ মিয়ার ছেলে ইমরান (৩১), তিতাস থানার সরস্বতী গ্রামের মোস্তাক মিয়ার ছেলে মামুন (৪৫), শাহীন বোবার ছেলে সজল (৩৫) এবং মুগারচর গ্রামের মজিবুর রহমান মজিদ (৩৫) ও রিফাত (২৬)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক নাজির উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, মজিবুর রহমান মজিদ ও মামুনের নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে কাঁঠালিয়া নদীতে চলাচলকারী বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে ধারালো অস্ত্র দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। অভিযানকালে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি রামদা এবং ছিনিয়ে নেওয়া ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘এমবি জাহানারা’ নামের একটি বাল্কহেড সিলেট থেকে দাউদকান্দির দিকে যাওয়ার সময় দুটি ট্রলারে আসা একদল সন্ত্রাসী সেটি আটক করে চাঁদা দাবি করে। এ সময় নাজির উদ্দিন লোহার রড দিয়ে বাল্কহেড কর্মী মো. আল আমিনের মাথায় আঘাত করার চেষ্টা করলে আত্মরক্ষার্থে হাত তোলায় তিনি ডান হাতে গুরুতর আঘাত পান।
আসামিরা ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আল আমিনের পকেট থেকে জোরপূর্বক ৪ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেয়। পরিস্থিতি বেগতিক দেখে আল আমিন কৌশলে মেঘনা সেনা ক্যাম্পে দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. নুর ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। সেনাসদস্য ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছালে অন্য আসামিরা পালালেও নাজির উদ্দিনকে আটক করা হয়।
মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম বলেন, "অভিযানে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আটক নাজির উদ্দিনকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।"
এনআই