কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকি-টকি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত জুলু ওরফে জুলু ডাকাতের ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং আরও একজন বাঙালিকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ এবং দুই সেট ওয়াকি-টকি।
সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্র-গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করতেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, নির্বাচনের আগে জননিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এইচএ