নওগাঁর বদলগাছীতে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে ৬টি ককটেল এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টায় বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে মুদি দোকানের সামনে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। পরে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সেই বস্তা থেকে ৬টি ককটেল এবং ৪টি কাঁচের বোতল থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এসব পেট্রোল বোমা কি কারনে সেখানে রাখা হয়েছিলো তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এইচএ