কক্সবাজারের পেকুয়ায় নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, আমি আশা করি," চকরিয়া-পেকুয়ার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে"। এছাড়া আমি যতবার নির্বাচন করেছি ততবার জনগণ আমাকে নির্বাচিত করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ সালাহউদ্দিন আহমদের পরিবারের বাকি সদস্যরাও কেন্দ্রে স্ব-স্ব ভোট প্রদান করেন।
ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে, আমি সবার শেষে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশের সুন্দর ও স্বাভাবিক রয়েছে।’
তিনি বলেন, ‘ আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানের শহীদ হয়েছেন সে প্রত্যাশা-স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এসআর