“সকাল থেকে বাড়িতে বসে ছিলাম। নাতি এলে তার সঙ্গে ভোট দিতে যাব। দেরি করে আসায় আমারও আসতে দেরি হলো। শরীরটা ভালো না, তাই নাতিকে বলেছি কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে যেতে।”
কথাগুলো বলছিলেন পাবনার ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের বাসিন্দা ৯০ বছর বয়সী গ্যাদা খন্দকার। দীর্ঘ ৯ বছর পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তিনি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, নাতির কোলে চড়ে কেন্দ্রে এসেছেন এই প্রবীণ ভোটার। ভোটারদের উপস্থিতি দেখে তার ভালো লাগছে বলেও জানান তিনি।
নাতি ফিরোজ আলী বলেন, “ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকালেই দাদাকে নিয়ে এসেছি। দীর্ঘ নয় বছর পর ভোট দিতে পেরে তিনি খুব আনন্দিত।”
ভোটকেন্দ্রের পরিবেশ সম্পর্কে গ্যাদা খন্দকার বলেন, বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। সারা দিন এমন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চললে সেটি ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. ইমান আলী বলেন, কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ২৩ শতাংশ ভোট পড়েছে।
তিনি আরও জানান, ঈশ্বরদী উপজেলায় ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।
ইখা