চট্টগ্রামের আনোয়ারায় জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মহিলা এজেন্টের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে তাকে কেন্দ্র থেকে সরিয়ে দিয়ে তার স্থলে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ফররুখ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানের পক্ষে দায়িত্ব পালন করছিলেন ওই মহিলা এজেন্ট। ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন রাখার অভিযোগে তার ফোন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ পারভেজ সোহেল বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর একজন মহিলা এজেন্টের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নিয়ম ভঙ্গের অভিযোগে তাঁকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, “ঘটনাটি সম্পর্কে জেনেছি। আমি দায়িত্ব পালনরত অবস্থায় আছি এবং দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
ইখা