ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে এসেছেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী।
সকাল আটটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের নুরুল আমিন চেয়ারম্যান তার নিজ এলাকা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১২০ জন। ওসমানপুর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ১১৪ জন।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান তার নিজ এলাকা মিঠানালা কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৬০৭ জন। সংশ্লিষ্ট ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৩৩১ জন।
ভোট দেওয়ার পর নুরুল আমিন চেয়ারম্যান বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের উপস্থিতি দেখে সন্তুষ্ট তিনি। তাঁর ভাষ্য, “কোনো অভিযোগ নেই। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে।” জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
অ্যাডভোকেট ছাইফুর রহমান সাংবাদিকদের বলেন, তিনিও সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। ভোটার উপস্থিতি ভালো। ভোটগ্রহণের পরিবেশ শেষ পর্যন্ত সুষ্ঠু থাকলে বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
ইখা