যশোর-৩ সদর আসনে জামায়াতের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।
আহত জামায়াত কর্মী আবু হোসেন জানান, তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থক হিরু মিয়ার নেতৃত্বে তার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। টস লাইটের আঘাতে তার মাথা ফেটে গেছে।
এদিকে, একই সময়ে জামায়াত সমর্থক আব্দুল গণি ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ধানের শীষের কর্মীরা তাকে চপেটাঘাত করে। তাকে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয় বলে অভিযোগ করেন আব্দুল গনি।
স্থানীয়রা জানিয়েছেন, সহিংসতার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যায়।
যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ জানান, তালবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসআর