গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জামায়াতের এক প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় আটক এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শামীমুল ইসলাম (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার মজিবুর রহমানের ছেলে। তিনি কুড়িগ্রামের ভোটার হলেও বর্তমানে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় কর্মরত রয়েছেন।
উপজেলা প্রশাসন ও নির্বাচনকালীন আদালত সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের মাটিকাটা এলাকায় কয়েকজন ভোটারের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন শামীমুল ইসলাম। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁর কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার পর বৃহস্পতিবার তাঁকে নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন। আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের (বা আদালতের নির্দেশিত সময়) বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনআই