নওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ৫টি আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর): ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোস্তাফিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৪৭,৪২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহাবুবুল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩০,৮১৯ ভোট।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট): ১২৪টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের এনামুল হক (দাঁড়িপাল্লা) ২৪,৯৯৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জোহা খান (ধানের শীষ) পেয়েছেন ২৪,০৫৩ ভোট।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর): ১৪২টি কেন্দ্রের মধ্যে ৪৯টির ফলাফলে বিএনপির ফজলে হুদা পেয়েছেন ৫৯,৭৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৩,৩৬৭ ভোট।
নওগাঁ-৪ (মান্দা): ১১৭টি কেন্দ্রের মধ্যে ৫৩টির ফলাফলে বিএনপির ইকরামুল বারী টিপু পেয়েছেন ৬৩,৬২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুর রাকিব পেয়েছেন ৪০,৬৮৫ ভোট।
নওগাঁ-৫ (সদর): ১১৮টি কেন্দ্রের মধ্যে ২৯টির ফলাফলে বিএনপির জাহিদুল ইসলাম ধলু পেয়েছেন ৪২,৬৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ২৯,৪৮৫ ভোট।
নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর): এই আসনের ৪১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির রেজাউল ইসলাম রেজু ৩৮,৪৬৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খবিরুল ইসলাম পেয়েছেন ৩৪,১০০ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "জেলার ৭৮২টি কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ফলাফল আসা শুরু হয়েছে, সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল পেতে কিছুটা সময় লাগবে।"
উল্লেখ্য, নওগাঁর ৬টি আসনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।
এনআই