বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিনব্যাপী নিজ জেলা মানিকগঞ্জ সফরে এসে জেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ এবং জেলা নিয়ে বিভিন্ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।
এ সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আগামী এক বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “প্রবাসীরা এ দেশের রেমিট্যান্স যোদ্ধা। তারা যখন বিমানবন্দরে নামবেন, তখন যেন একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ পান, সেটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের বিমানবন্দরে পা রেখে তারা যেন আমূল পরিবর্তনের ছোঁয়া অনুভব করতে পারেন, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী দ্রুত কাজ এগিয়ে চলছে। এ ছাড়া আসন্ন হজ মৌসুমে হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
মানিকগঞ্জে আন্তর্জাতিক বিমানবন্দর করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এলাকাবাসীর এই দাবি ও প্রস্তাবটি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ও সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টি আর ইউ) সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং সহ স্থানীয় গণ-মাধ্যমকর্মীরা।
বিএনপি নেতা এবং আফরোজা খানম রিতার পিতা মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনর রশীদ খান মুন্নু এবং বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান তিনি। কবর জিয়ারত শেষে মন্ত্রী মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এরপর তিনি তার গিলন্ডস্থ বাসভবনে মানিকগঞ্জ-২ আসনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, খন্দকার আকবার হোসেন বাবলুসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
ইখা