রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ৪ কেজি ওজনের দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি ৫ হাজার টাকা কেজি দরে ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়ায় হালিমের মৎস্য আড়ত থেকে ব্যবসায়ী শাহজাহান শেখ ইলিশ মাছ দুটি কিনে নেয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, “পদ্মা নদীর ৪ কেজি ওজনের ইলিশ মাছ দুইটি সকালে সেকেন হালদার হালিমের মৎস্য আড়তে নিয়ে আসলে সেখান থেকে ৪ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মোট ১৯ হাজার ২শ টাকা দিয়ে মাছ দুটি কিনে নেই। পরে ইতালি'র এক প্রবাসীর কাছে মাছ দুটি ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
তিনি আরও জানান, “পদ্মার ইলিশের চাহিদা অনেক বেশি। দৌলতদিয়া মাছ বাজারে বিভিন্ন ধরনের বড় বড় মাছ পাওয়া গেলেও এত বড় ইলিশ মাছ তেমন একটা পাওয়া যায় না। তাই মাছ দুটির দাম একটু বেশি হলেও আমি কিনে নেই।”
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “এ বছর পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। তবে এত বড় ইলিশ মাছ সচরাচর পাওয়া যায় না। বড় বড় মাছ পেয়ে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা তা বিক্রি করে লাভবান হচ্ছেন।”
এসআর