বরিশালের গৌরনদী ও মুলাদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরকীয়ার ঘটনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সীমান্তবর্তী পূর্ব চর নলচিড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— মো. আবু হানিফ রাড়ী (৬৫) ও তাঁর স্ত্রী সেনোয়ারা বেগম (৫৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, তারাবির নামাজ শেষে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে মো. আবু হানিফ রাড়ী বাড়িতে ফেরেন। পরে গরু দেখার জন্য গোয়ালঘরে গেলে তিনি দেখতে পান, প্রতিবেশী মো. অলিল হাওলাদার তাঁর ছেলে শাহাবুদ্দিন রাড়ীর বসতঘরে প্রবেশ করেছেন। ঘরে শাহাবুদ্দিনের স্ত্রীর সঙ্গে অলিলকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা হইচই শুরু করেন।
এ সময় অলিল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবু হানিফ রাড়ী তাঁকে ধরে ফেলেন। পরে তিনি ধাক্কা দিয়ে পালিয়ে যান। অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর অলিল হাওলাদার তাঁর লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ বাড়িতে এসে হামলা চালান। হামলাকারীরা আবু হানিফ রাড়ীকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে সেনোয়ারা বেগমকেও মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা নগদ টাকা ও ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে।
গুরুতর আহত অবস্থায় আবু হানিফ রাড়ীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির হোসেন জানান, আহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় আবু হানিফ রাড়ীর ছেলে মো. জিয়া রাড়ী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুলাদী থানার ওসি (তদন্ত) মোমিনুর উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনআই