জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নর রহিমপুর এলাকায় অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান করেন উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হলেও ড্রেজারসহ ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রহিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে কৃষি-জমি ও বিভিন্ন স্থান থেকে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যায়, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় , আবাদি জমি ক্ষতিগ্রস্ত এবং স্থানীয় বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিলে প্রশাসনের নজরে আসে। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ঘটনা স্থলে মাটি উত্তোলনের কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে ব্যবহৃত ড্রেজার মেশিন,পাইপলাইন ও অন্যান্য সরঞ্জাম দেখতে পেয়ে সেগুলো সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় এসব ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালানো না যায়।
দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনআই