চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রূদুরা গ্রামের বড়ুয়াপাড়া এলাকায় সুব্রত মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম দিবাকর বড়ুয়া (৪৫)। তিনি আনোয়ারা উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।দগ্ধ হয়েছেন তাঁর মা টকি বড়ুয়া (৭০)। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তার শরীরের আনুমানিক ২০শতাংশ পুড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ ঘরের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের রান্নাঘর পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা টকি বড়ুয়া আগুনে দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দিবাকর বড়ুয়া বলেন, ‘আমার মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মুখের চামড়া, দুই হাত ও পাায়ের কিছু অংশ পুড়েছে।
প্রত্যক্ষদর্শী জনি বড়ুয়া বলেন, আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুক্ষণের মধ্যে ঘরের অধিকাংশ অংশ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাস্তা সরু হওয়ায় একটি ইউনিট মাঝপথ থেকে ফিরে আসে। অন্য ইউনিটের সদস্যরা গাড়ি রেখে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই স্থানীয় লোকজন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ বলেন, ‘রাস্তা সরু ও রাস্তার পাশে থাকা বিভিন্ন বৃক্ষরাজির কারণে আমাদের ঘটনাস্থলে গমনে চরম বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ হাজার টাকা এবং প্রায় ১০ লক্ষ টাকা পরিমাণ মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।’
এনআই