ঈদ আসলেই সকল বাবা-মায়ের একটাই ইচ্ছা নিজের কোমলমতি সন্তানের জন্য যে কোনো ভাবে একটি নতুন জামা কেনা। সেই আনন্দ-উচ্ছ্বাসকে ঘিরে রায়পুর উপজেলার বাজারগুলোতে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকছে বিপণিবিতান ও দোকানপাট। প্রায় সব বাজারেই পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতার উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
রমজানের শুরু থেকেই রায়পুর বাজার, বাসাবাড়ী, খাশেরহাট, মোল্লারহাট ও রাখালিয়া,হায়দর গঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রচুর ক্রেতার উপস্থিতি। বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর দোকানে বেশি ভিড় দেখা যায়।
উপজেলার জনপ্রিয় শপিং স্পট গাজি শপিং কমপ্লেক্স, মিয়াজি মার্কেট, নিউ মার্কেট, শাহাদাত এমদাদ মিয়াজি মার্কেট এবং গোডাউন রোড মার্কেটসহ অন্যান্য মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
দোকানগুলোতে নতুন ফ্যাশনের পোশাক, জুতা, কসমেটিকস, শিশুদের পোশাক ও বিভিন্ন ঈদ সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতাদের আকর্ষণ করতে অনেক ব্যবসায়ী বিশেষ ছাড় ও অফার দিচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, রমজানের শুরু থেকেই এবার বিক্রি বেশ ভালো, তবে দিন যত যাচ্ছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে। বিশেষ করে সাকালে ১১ টা থেকে দুপুর ৩ টা এবং ইফতারের পর থেকে রাত পর্যন্ত মার্কেটগুলোতে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ছে ভিড়ের কারণে।
ক্রেতাদের কাছে জানতে চাইলে অনেক ক্রেতা অভিযোগ করেন, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে দাম বেশি রাখা হচ্ছে। বিশেষ করে জামা-কাপড়ের দোকানের বিরুদ্ধে এই অভিযোগ বেশি।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, কোনো অতিরিক্ত দাম রাখা হচ্ছে না। বিক্রি বেশি হওয়ায় তারা সন্তুষ্ট, দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।
তবে পাকিস্তানি, ইন্ডিয়ান নারীদের পোশাকের চাহিদাই এখন বেশি বলে জানিয়েছে ব্যাবসায়ীরা। শিশু এবং ছেলেদের পোশাকের বিক্রি এখনো জমে ওঠেনি।রমজানের শেষের দিকে বিক্রি বাড়বে বলে আশাবাদী জেন্টস আইটেমের দোকানিরা।
এদিকে ঈদকে সামনে রেখে কেনাকাটার চাপ বাড়ায় কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া ঈদ মৌসুমে জাল টাকার প্রচলনও বেড়ে যায় বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিন মিয়া জানান, রায়পুর বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং চুরি-ছিনতাই রোধে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি তিনি রায়পুর উপজেলার বাসিন্দাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।
এসআর