মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় আগমন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি সফরসূচির অংশ হিসেবে সকালে তিনি মাগুরায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুরের কামারখালী গড়াই সেতু এলাকা থেকে সকালে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে সরকারি প্রটোকল অনুযায়ী তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সেখানে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিতাই রায় চৌধুরী বলেন, "অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচ্য হবে না। চাঁদাবাজি বা মাদক ব্যবসার সঙ্গে যারাই জড়িত থাকুক—সে যে দলেরই হোক বা সরকারি কর্মচারী হোক—আইন তার নিজস্ব গতিতে চলবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"
মন্ত্রী আরও বলেন, গত এক দশকের বেশি সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বহু নেতা-কর্মী মামলার মুখোমুখি হয়েছেন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দীর্ঘ সময় ধরে আন্দোলন হয়েছে এবং সাম্প্রতিক আন্দোলনগুলোর পেছনেও একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ প্রসঙ্গে মন্ত্রী সাফ জানিয়ে দেন, কোনো নির্দিষ্ট দলকে লক্ষ্য করে নয়, বরং সব ধরনের অপরাধকে আইনের আওতায় আনা হবে। এক দলের কেউ অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে আর অন্যরা ছাড় পাবে—এমনটি হওয়ার কোনো সুযোগ নেই।
স্থানীয় নেতাদের মতে, মন্ত্রীর এই সফর জেলার উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে। সফরসূচি অনুযায়ী, বিকেলে ও সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা মহম্মদপুর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তাঁর আগমন উপলক্ষে সার্কিট হাউস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এনআই