মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডিবি পুলিশের অভিযানে এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডাকাতি হওয়া প্রায় ১৪ টন লোহার রড উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জয়নাল আবেদীন বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। অভিযান চলাকালে তিনি কৌশলে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশ ওই গুদামে অভিযান চালিয়ে লুণ্ঠিত রডগুলো জব্দ করে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত জয়নালের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জয়নাল আবেদীন উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামের ইউনুস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় একটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। সেখানে ডাকাত দল বিপুল পরিমাণ লোহার রড লুটে নেয়। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয় যে, লুণ্ঠিত মালামাল সাটুরিয়ার ছনকা বাজারে জয়নাল আবেদীনের মালিকানাধীন ‘জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ’ নামক গুদামে মজুত রয়েছে।
বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক বলেন, "কোনো ব্যক্তির অপরাধের দায়ভার দল নেবে না।" সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা জানান, জয়নালের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে; ঘটনার সম্পৃক্ততা প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খাঁন মজলিশ মাখন বলেন, "আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ—দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রাথমিক সত্যতা পাওয়ামাত্রই অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, "কালিয়াকৈর থানায় করা ডাকাতি মামলার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত রড বর্তমানে কালিয়াকৈর থানা পুলিশের হেফাজতে রয়েছে।"
এনআই