ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার সকালে যখন এই হামলা চালানো হয়, তখন বিদ্যালয়টিতে অন্তত ১৭০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হরমুজগান মেডিকেল সেন্টারের প্রধান জানান, প্রদেশটির মিনাব ও জাসেক এলাকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দুটি পৃথক হামলায় এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী তেহরানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী।
তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হতাহতের এই সংখ্যা এখনো স্বাধীন কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেও এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এনআই