কুমিল্লার হোমনায় অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ মার্চ) উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর ও কৃপারামপুর গ্রামে পৃথক অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোমনা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার খোদেদাউদপুর গ্রামে মো. আব্দুর রশিদ সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটছিলেন। এই অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৭(ক) ধারা অনুযায়ী তাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে আসাদপুর ইউনিয়নের কৃপারামপুর গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান ডালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের জানান, ব্যক্তিগত প্রয়োজনে মাটি কাটতে হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।
তিনি আরও বলেন, “অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। আবাদি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এনআই