সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার হয়েছে। রবিবার (১ মার্চ) দিবাগত রাত ৯টায় উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়ায় পরিচালিত যৌথ অভিযানে গাঁজা গাছটি জব্দ করা হয়।
ওই শিক্ষকের নাম মাহবুবুর রহমান ওরফে মানিক মাস্টার (৪৫)। তিনি উপজেলার আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউটের সিভিল ও আর্কিটেকচারের সিনিয়র ইন্সট্রাক্টর। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদকও ছিলেন।
যৌথ অভিযানটির নেতৃত্ব দেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
অভিযান সম্পর্কে মোস্তাফিজুর রহমান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে রাতে চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র মাহবুবুর রহমান ওরফে মানিক মাস্টারের (৪৫) বাড়িতে যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় তার বাড়ির পেছন থেকে প্রায় ১২ ফুট উচ্চতা ও প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজা গাছ পাওয়া যায়। গাছটি রোপণের পর পরিচর্যা করে বড় করা হয়েছে। মাহবুবুর রহমান তার অপরাধ স্বীকার করায় কাজীপুর থানা পুলিশ নিয়মিত মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন।'
অভিযানে উপস্থিত ছিলেন কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ, সিরাজগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম ও ইন্সপেক্টর মো. নিজাম উদ্দিন খান।
ইখা