স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর খোঁজ মিলছে না। রবিবার রাতে দেশে ফিরেছেন—এমনটা শোনা গেলেও এখনও পযন্ত তাঁর দেখা মেলেনি। কেউ বলতে পারছেন না তিনি এখন কোথায় আছেন।
তথ্যসূত্রে জানা গেছে, রবিবার (১ মার্চ) জাহের আলভী নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পর একজনের মধ্যস্থতায় তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন।
এদিকে আলভীর ফোন, ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিনোদন অঙ্গনে আলভীর ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন, এভাবে গা ঢাকা দিয়ে থাকলে সামনে আলভীর বিপদই বাড়বে। তাঁর উচিত বিষয়টি নিয়ে কথা বলা। সেদিন কী এমন ঘটনা ঘটেছিল যে, ইকরাকে আত্মহত্যা করতে হয়েছে!
আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী অভিনয়শিল্পী জাহের আলভী ও তাঁর মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার পল্লবী থানায় এ মামলা করা হয়।
এদিকে মামলার তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, এজাহারের একটি কপি বিমানবন্দরের অভিবাসন পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি যাতে দেশে আসার পর দ্রুত গ্রেপ্তার করা যায়।
আজ সোমবার (২ মার্চ) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর জাহান জানান, আলভীর ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তদন্ত চলমান রয়েছে।
এইচএ