যুক্তরাষ্ট্র ও ইস.রায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সংস্থাটি তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, অভূতপূর্ব জনসমাগমের উপস্থিতি এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের জন্য সময় দেওয়ার লক্ষ্যে জানাজার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তেহরান গ্র্যান্ড মসজিদে আজ রাত থেকেই প্রিয় জনগণকে শহীদ আলেম ও আমাদের মহান ইমামের পবিত্র দেহে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আয়োজন করা হয়েছিল। কিন্তু সারা দেশ থেকে বিপুল উপস্থিতির আগ্রহ এবং জাঁকজমকপূর্ণ অংশগ্রহণের ব্যাপক ইচ্ছার কারণে, পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজন থাকায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
উচ্চসংখ্যক উপস্থিতির অনুরোধ এবং যথাযথ সুবিধা নিশ্চিত করার প্রয়োজন বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি আরও উপযুক্ত সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে গোপনীয় এক বৈঠক করার সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। তার প্রাণহানির পর ইরানের সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
মার্কিন-ইসরায়েলি এই আগ্রাসনে ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং শত শত বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ওই হামলার প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।
পিএম