নরসিংদীর পলাশ উপজেলায় রাতের আধারে এক হিন্দু মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চরসিন্দুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম মনি চক্রবর্তী (৪০)। তিনি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী ব্যবসা পরিচালনা শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ইখা