বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কটকস্থল গ্রামে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত একটি আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই একটি ঠেলাগাড়ি খালে পড়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ঠেলাগাড়িতে করে বড় গাছ নিয়ে ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজের একাংশ ভেঙে পড়ে যায়। এতে গাছসহ ঠেলাগাড়িটি পাশের সাউদের খালে পড়ে যায়। এ ঘটনায় ব্রিজ পারাপারের সময় আরিফ নামের এক যুবক আহত হন। তিনি ওই ওয়ার্ডের এক মহিলা মেম্বারের বড় ভাই বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকে ওই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উত্তর মাদ্রা, গোরোক্ষডোবা, দক্ষিণ মাদ্রা, তাঁরাকুপি, নন্দনপট্টি ও কটকস্থলসহ অন্তত ২ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযোগ করে বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার বলেন, “আমি গাছ ক্রেতা মাসুদ সরদারকে আগেই বলেছিলাম ব্রিজটির অবস্থা ভালো নয়। অন্য কোনো পথ দিয়ে গাছ নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু সে আমার কথা না শুনে ব্রিজের ওপর দিয়েই গাছ নিয়ে যায়। এতে ব্রিজের একাংশ ভেঙে পড়ে যায়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, “বিষয়টি আমি দেখছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এসআর