মুন্সিগঞ্জের শ্রীনগরে ব্যবসায়ী আলমগীর হোসেন শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শ্রীনগর–দোহার আঞ্চলিক সড়কের বালাশুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ব্যবসায়ী আলমগীর হোসেন শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হান্নান হাজী, মানিক ওরফে বাচ্চু ডাকাত, তাপস মোল্লা ও শম্ভুসহ সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হান্নান হাজী, মানিক ওরফে বাচ্চু ডাকাত, শম্ভু ও তাপসদের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল বালাশুর এলাকায় আলমগীর শেখের মালিকানাধীন একটি নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করে। এ সময় আলমগীর শেখ ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে আলমগীর শেখসহ পরিবারের অন্তত ১০ জন গুরুতর আহত হন।
পরে সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর শেখ মারা যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনআই