মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির আব্দুল্লাহ বিজয়ী
আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা দেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে পরাজিত করেন।
মুন্সীগঞ্জ-১ (নির্বাচনী এলাকা নং–১৭১) আসনটি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, দুই উপজেলার মোট ১৭০টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ৯০টি এবং শ্রীনগর উপজেলায় ৮০টি ভোটকেন্দ্র রয়েছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩ জন। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯৬৫ জন এবং শ্রীনগর উপজেলায় ২ লাখ ৭১ হাজার ৩৮ জন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সিরাজদিখান উপজেলায় ধানের শীষ প্রতীকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পেয়েছেন ৯৪ হাজার ৯৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ৬৩৩ ভোট। এ ছাড়া ফুটবল প্রতীকে ৬ হাজার ৬১০, হাতপাখা প্রতীকে ৩ হাজার ৪৯৯, আপেল প্রতীকে ১৯৬ এবং কাস্তে প্রতীকে ১৭২ ভোট পড়েছে।
অন্যদিকে শ্রীনগর উপজেলায় ধানের শীষ প্রতীকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পেয়েছেন ৭০ হাজার ৭৭৯ ভোট। দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৯ হাজার ৫৫৯ ভোট। এ ছাড়া ফুটবল প্রতীকে ২৩ হাজার ৭৮৪, হাতপাখা প্রতীকে ৫ হাজার ৪১৮, আপেল প্রতীকে ১১৬ এবং কাস্তে প্রতীকে ২৪৮ ভোট পেয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীরা।
দুই উপজেলা মিলিয়ে ধানের শীষ প্রতীকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মোট ১ লাখ ৬৫ হাজার ৭১৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পান মোট ৯৮ হাজার ১৯২ ভোট। ফলে তিনি ৬৭ হাজার ৫২২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন।
দুই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
পিএম