দিনাজপুরের বিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব হাসান(২২) ও একই গ্রামের তহিদুলের ছেলে রাব্বি (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই দিকে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীরা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই তরুণের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই