নোয়াখালীর কবিরহাট উপজেলায় তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়লে একই পরিবারের একজন নিহত ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বানদত্ত ট্রান্সমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত সোহাগের দোকানে সজোরে ঢুকে পড়ে। এ সময় দোকানের ভেতরে অবস্থানরত শফিকুর রহমান (৬০) এবং তাঁর দুই ছেলে সাইদুর রহমান (২৮) ও সাইফুর রহমান (২৬) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুই ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তাঁর অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের চিকিৎসার দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, “দ্রুতগামী একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে তিনজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এনআই