বান্দরবানের থানচি উপজেলায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে কাদের চৌধুরী (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা কুদ্দুস চৌধুরীর ছেলে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে থানচি উপজেলা সদরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় নুর আলমের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাহিন্দ্র গাড়ির চাকা ফুলাতে গিয়ে হঠাৎ বিকট শব্দে কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাদেরের শরীরে কম্প্রেসারের সিলিন্ডারের একটি অংশ এসে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানচি থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, বিস্ফোরণে কাদের গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে দোকানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ইখা