মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এক ইতালি প্রবাসীর বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পার হলেও মামলা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী মিলন মাতুব্বর দক্ষিণ বিরঙ্গল গ্রামের মৃত আব্দুল মালেক মাতুব্বরের ছেলে। অভিযুক্ত শামীম মাতুব্বর একই গ্রামের সাহেব আলী মাতুব্বরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন ও শামীমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে শ্রমিক নিয়ে পানির ট্যাংকি নির্মাণ করতে যান মিলন। এ সময় শামীম বাধা দেন। পরে শামীম তার লোকজন নিয়ে মিলনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ ওঠে।
হামলায় বসতঘর ভাঙচুর করা হয় এবং বাধা দিতে গেলে মিলন ও তার মা ছমিরন নেছাকে মারধর করা হয় বলে দাবি পরিবারের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার দিনই মিলনের বড় বোন সেলিনা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে দুই দিন পেরিয়ে গেলেও তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
মিলন মাতুব্বর বলেন, “আমি দীর্ঘদিন ইতালিতে ছিলাম। কিছুদিন আগে দেশে এসেছি। জমি নিয়ে মামলা চলমান রয়েছে। প্রায়ই আমাদের ওপর আক্রমণের চেষ্টা করা হয়। দুই দিন আগে হামলার একটি ভিডিওও রয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। ঘটনার বিচার চাই।”
সেলিনা আক্তার বলেন, “দিনদুপুরে ইট-পাটকেল ছুড়ে হামলা করা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার পর প্রতিপক্ষ উল্টো আমাদের বিরুদ্ধেই অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্তে এলেও এখনো মামলা নেয়নি।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন শামীম মাতুব্বর। তিনি বলেন, “আমি বা আমার লোকজন হামলা করিনি। বরং মিলন তার আত্মীয়স্বজন নিয়ে আমাদের ওপর হামলা করেছে। বিষয়টি এলাকায় সবাই জানে।”
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বিষয়টি তদন্তাধীন। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইখা