জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মসজিদের ইমামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চরমহিউদ্দিন গ্রামের নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জিল্লুর রহমান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচন শেষে বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি নেতা আলমগীর চৌধুরী ক্ষুব্ধ হন বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, ওই নেতা মসজিদ কমিটির ওপর চাপ সৃষ্টি করেন। পরে কোনো আনুষ্ঠানিক সভা বা লিখিত সিদ্ধান্ত ছাড়াই ইমামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এতে ইমাম ও তার পরিবারের জীবিকা অনিশ্চয়তায় পড়েছে।
চাকরিচ্যুত ইমাম জিল্লুর রহমান বলেন, “আমি একজন সাধারণ ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেছি। রাজনৈতিক কারণে আমাকে দায়িত্ব হারাতে হয়েছে, যা অত্যন্ত অন্যায়।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন আলমগীর চৌধুরী। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
স্থানীয় বিএনপির একাংশ নেতাকর্মী ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, মসজিদকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিরোধের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন তারা।
ইখা