উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য থাকলে সম্প্রীতি আসবে না, তেমনি সেবা প্রদানে বৈষম্য থাকলেও সম্প্রীতি আসবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রবিবার (০১ মার্চ) সকাল ১০ ঘটিকায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, যে কোন মূল্যে আমাদেরকে সম্প্রীতি রক্ষা করতে হবে, গুজবে কান দেয়া যাবে না, গুজব প্রতিরোধে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আরোও বলেন, পার্বত্য জেলায় অনেক ছোট ছোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে তাদের বাদ দিয়ে সুষম উন্নয়ন সম্ভব নয়, সেবা প্রদানের সময় সব শ্রেনী পেশার সকল সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিয়ে সেবা প্রদান করতে হবে।
এ সময় তিনি সবগুলো দপ্তরকে সরকার ঘোষিত ১৮০ দিনের মধ্যে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে রিপোর্ট প্রদানের পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা,রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম প্রমূখ।
উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত শুক্রবার প্রথমবারের মতো রাঙ্গামাটিতে আসেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এরপর তিনি পার্বত্য জেলা রাঙ্গামাটির বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এসআর