যশোরে আশিক হোসেন (২৭) নামে এক মোটরপার্টস ব্যবসায়ীকে অপহরণের পর বেধড়ক মারধর করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রবিবার (১ মার্চ) দুপুরে শহরের বাণিজ্যিক এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। আহত আশিক বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আশিক হোসেন শহরের বকচর হুশতলা এলাকার রাজু শেখের ছেলে। যশোর শহরের আর এন রোডে তাঁর মোটরপার্টসের ব্যবসা রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আশিক জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে যশোর কমার্শিয়াল কলেজের সামনে থেকে একদল দুর্বৃত্ত তাঁকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁকে কেন্দ্রীয় কারাগারের পেছনের নির্জন এলাকায় নিয়ে বেধড়ক মারধর করে জখম করা হয়। এ সময় তাঁর কাছে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি স্বজনদের খবর দিলে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত আশিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাঁকে পুরুষ সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “ব্যবসায়ীকে জখম ও ছিনতাইয়ের বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সাথে কথা বলেছেন। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এনআই