কক্সবাজারের টেকনাফের সাগর ও নদীতে মাছ শিকার করার সময় ধরে নিয়ে যাওয়া মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জিম্মি দশা থেকে ৭৩ জন জেলে স্বদেশে ফেরত এসেছে।
তথ্য নিয়ে জানা যায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে, টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ডে অবস্থিত মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট থেকে বিজিবির নেতৃত্বাধীন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর একটি প্রতিনিধি দল ফেরত আসা জেলেদেরকে আরাকান আর্মির হাত থেকে গ্রহন করার জন্য নাফ নদীর শূন্যরেখা উদ্দেশ্যে রওনা হয়।
এরপর বিকাল ৫ টার সময় ৭৩ জেলেকে বহনকারী দুটি ফিশিং ট্রলারসহ প্রতিনিধি দলের সদস্যরা টেকনাফ ট্রানজিট জেটিতে ফিরতে সক্ষম হয়।
বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন, টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান,ফেরত আসা ৭৩ জেলে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয়েছিল। তাদের অভিযোগ আমাদের দেশের জেলেরা দেশীয় জলসীমা অতিক্রম করে সেদেশের জলসীমা মাছ শিকার করার অপরাধে তাদেরকে আটক করেছিল।
অবশেষে বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আমরা এই ৭৩ জেলেকে স্বদেশে ফেরত আনতে সক্ষম হয়েছি। ফেরত আসা জেলেদের যাচাই-বাছাই শেষ করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
এসআর