বিএনপিকে সমর্থন দেয়ায় দেশের শীর্ষ আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ভবিষ্যতে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আলেম-ওলামাদের সুস্পষ্ট অবস্থান জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।
তিনি উল্লেখ করেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় ন্যায়, নৈতিকতা ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র পরিচালনার পক্ষে অবস্থান নিয়েছে। আলেম সমাজের সমর্থন সেই আদর্শিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই। তিনি মনে করেন, ধর্মীয় নেতৃত্বের ইতিবাচক ভূমিকা সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, জাতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আলেম-ওলামাদের এই অবস্থান সাধারণ মানুষের মাঝে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করবে।
বিবৃতির মাধ্যমে তারেক রহমান আবারও জোর দিয়ে বলেন, একটি মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অপরিহার্য। এ ক্ষেত্রে আলেম-ওলামাদের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এবি