কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ স্থানীয় জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালীকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
আজ বুধবার দুপুরে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান।
তিনি বলেন, স্থানীয় লোকজন জামায়াত নেতাকে আটক করে প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে হেফাজতে নেন। যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত ছিলেন না, তাই আটককৃত জামায়াত নেতাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হবে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, এই ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আটক জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালী এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ হেফাজতে আছেন।
এ ব্যাপারে জানতে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলকে কল করা হলেও তিনি সাড়া দেননি।
এফএস