লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহরিনা আক্তার নওরিন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলা সদরের ঝুমুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। আটক বদরুল আলম শ্যামল প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির খালাতো ভাই এবং তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। যে গাড়িটি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, সেটি এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত হচ্ছিল।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহরিনা আক্তার নওরিন জানান, গাড়ি ও টাকাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিকে আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনআই