মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পাখির মোড় ও বাউশিয়া সমিতি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় মামা-ভাগিনা ফল ভান্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার ইব্রাহীম খলিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিসমিল্লাহ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় মালিক মো. ইউসুফ পাঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাখির মোড় ও বাউশিয়া সমিতি মার্কেটের বিভিন্ন মুদি, সবজি ও ফলের দোকানে মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসআর