রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ লাঠি ও ইট-পাটকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর দেড়টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়েছে। অভিযানে বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতসহ সেনা সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ করার অভিযোগে নারুয়া বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের পুত্র হেলাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৭১ (চ) ধারায় তাকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত হেলালের ভাই বিল্লাল বিএনপি সমর্থিত প্রার্থী হারুন অর রশিদের কর্মী এবং লাঠি মজুদকৃত ঘরের যৌথ মালিক। তবে অভিযানের সময় সে ঘটনাস্থলে ছিল না। সেখান থেকে উক্ত প্রার্থীর ছবি ও কিছু নির্বাচনী প্রচার সামগ্রীও উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনআই