পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ব্যাগভর্তি টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক কাজল মৃধা নিজেকে কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। উদ্ধারকৃত টাকার পরিমাণ ৫০ লাখ বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেখানে তাকে বিএনপি নেতা হিসেবে দাবি করা হলেও কাজল মৃধার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি নিজেকে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। তবে বিএনপির একাধিক সূত্র দাবি করেছে, এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এদিকে আটক কাজল মৃধার দাবি, তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে এই টাকা নিজের কাছে রেখেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তবে আটক ব্যক্তি বা জব্দকৃত টাকা এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এনআই/জুএফ