ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বাবা থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান শুভ খান (২৫)। এ ঘটনায় তার বাবা মো. বারেক খানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় জনপ্রতিনিধি মো. কবির হোসেন জানান, শুভ মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই নেশার টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতেন।
তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে শুভ মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে ঝগড়া হয়।’
অভিযোগ রয়েছে, এ ঘটনার পরে শুভ স্থানীয় বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন। রাতে তিনি ঘরের বারান্দায় ঘুমাতে যান। একপর্যায়ে ক্ষোভ ও উত্তেজনার বশে বাবা ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর মো. বারেক খান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম বলেন, ‘অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
ইখা