অভয়নগরে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় অন্তর বিশ্বাস (৩০) নামে এক যুবক নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ধোপাদী গ্রামের নতুনবাজার হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্তর বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়কসংলগ্ন এলাকার বাসিন্দা সাগর বিশ্বাসের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেলপার। প্রায় দুই মাস ধরে তিনি অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ট্রাকচালক সোহাগ হোসেন বলেন, ‘সম্প্রতি ধোপাদী গ্রামের হাড়িভাঙা এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে সেই মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে।’ তিনি বলেন, ‘শুনেছি প্রেমিকাকে না পাওয়ার কারণে ছেলেটি নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ‘
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, ‘মধ্যরাতে কয়েকজন ব্যক্তি অগ্নিদগ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে যায়। আগুনে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এনআই