টিকটকে পরিচয়ের সূত্র ধরে ভৈরব ও ফেনীর দুই নারীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠার পর এক নারী সংসার ও শিশু সন্তান রেখে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নিখোঁজ ওই নারীর নাম নদী বেগম (১৮)। তিনি ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা। তার স্বামী কাউসার মিয়া একজন পাদুকা শ্রমিক।
কাউসার মিয়া অভিযোগ করেন, টিকটকে পরিচয়ের মাধ্যমে নদীর সঙ্গে ফারহানা বেগম (২৩) নামের এক নারীর নিয়মিত যোগাযোগ ছিল। ফোনে কথোপকথনের মাধ্যমে সম্পর্ক ঘনিষ্ঠ হয় বলে দাবি করেন তিনি।
কাউসার মিয়া জানান, গত ৮ ফেব্রুয়ারি তার স্ত্রী ১৫ মাস বয়সী শিশুকে শাশুড়ির কাছে রেখে বাড়ি থেকে চলে যান। যাওয়ার সময় ঘরে থাকা ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সঙ্গে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আমার জন্য না হোক, অন্তত সন্তানের জন্য হলেও স্ত্রীকে ফিরে পেতে চাই।”
এ ঘটনায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে, ফারহানা বেগমের পরিবারও জানিয়েছে, তিনিও কয়েক দিন ধরে নিখোঁজ। ফারহানার ভাই ফায়েজ মিয়া বলেন, “আমার বোন তার চার বছরের মেয়েকে বাড়িতে রেখে চলে গেছে। আমরা বুঝতে পারছি না কীভাবে বিষয়টি ঘটল। আমরা চাই দ্রুত তাকে উদ্ধার করা হোক।”
ফারহানার শ্বশুরবাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর এলাকায় বলে পরিবার সূত্রে জানা গেছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ নারীদের উদ্ধারে পুলিশ কাজ করছে।”
তিনি আরও বলেন, ‘সম্পর্কের বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।’
ইখা