ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট '২৬ -এ দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়মানুযায়ী মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন ১৫ ফেব্রুয়ারি সকালে ভোরের আকাশকে জানান, বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১৩ জন প্রার্থী ছাড়া বাকি সবার জামানত বাতিল হয়।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফল বিশ্লেষণ করে দেখা যায়, দিনাজপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে ৩ লাখ ৪ হাজার ৯৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মো. মনজুরুল ইসলাম ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই হিসেবে জামানত ফিরে পেতে একজন প্রার্থীর প্রয়োজন অন্তত ৩৮ হাজার ১১টি ভোট পাওয়া। এই আসনে ৬ প্রার্থীর মধ্যে দুই জন ছাড়া অন্য ৪ প্রার্থীর প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
দিনাজপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৭৮ হাজার ৩৫ জন ভোটার। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ১৯৯টি।
এ আসনে বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামি প্রার্থী এ.কে.এম আফজালুল আনাম পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট। আসনটিতে ৮ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়া অন্য ৬ জন প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায়, তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
দিনাজপুর-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৬৩৭ জন। এর মধ্যে ২ লাখ ৮৯ হাজার ১৯৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। এই আসনে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৬২৮টি। আসনটিতে বিএনপি'র মনোনীত প্রার্থী প্রাক্তন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাড. মো. মাইনুল আলম পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট। আসনটিতে জামানত ফিরে পেতে একজন প্রার্থীর প্রয়োজন ছিল ৩৫ হাজার ৪৫৩ ভোট। এই আসনের ৮ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত ছাড়া অন্য ৬ প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায়, তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়।
দিনাজপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৯৯১ জন। এর মধ্যে ৩ লাখ ৪ হাজার ২৯৮ জন ভোটার ভোট প্রদান করেছেন। এই আসনে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৬২৪টি। আসনটিতে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া এক লাখ ৩৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আফতাব উদ্দীন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
আসনটিতে জামানত ফিরে পেতে একজন প্রার্থীর প্রয়োজন ছিল ৩৭ হাজার ৫৭৮ ভোট। এ আসনের ৪'জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত ছাড়া অন্য ২ প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
দিনাজপুর-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৭৫৮ জন ভোটার ভোট প্রদান করেছেন। এই আসনে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৪৫টি। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) এজেডএম রেজওয়ানুল হক ১ লাখ ১৪ হাজার ৪৮৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় সমর্থিত এনসিপি'র শাপলাকলি প্রতীকের প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এছাড়া বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪ ভোট।
আসনটিতে জামানত ফিরে পেতে একজন প্রার্থীর প্রয়োজন ছিল ৪১ হাজার ৬৩০ ভোট। এ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপি, এনসিপি ও একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য ৩ প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
দিনাজপুর-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ৬১২ জন। এর মধ্যে ৪ লাখ ৭ হাজার ২৭৭ জন ভোটার ভোট প্রদান করেছেন। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ৪ লাখ ১ হাজার ১৮৮টি। আসনটিতে বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।
আসনটিতে জামানত ফিরে পেতে একজন প্রার্থীর প্রয়োজন ছিল ৫০ হাজার ১৪৮ ভোট। এ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়া অন্য ৪ প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায়, তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
এনআই