ট্রেড ইউনিয়ন করায় সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিক নেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শ্রমিকরা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর নগরীর রূপাতলীর এই কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শেষে সন্ধ্যা ৬টার দিকে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটের যাত্রীরা। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৭টায় অবরোধ চলছিল।
আন্দোলনকারীরা ছাঁটাই হওয়া সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে কাজে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতের দাবি জানান। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ—শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ট্রেড ইউনিয়ন করায় সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহ-সাধারণ সম্পাদক খুকু মনিকে ছাঁটাই করা হয়েছে।
শ্রমিকরা বলেন, "এটি পুরোপুরি অমানবিক ও অগণতান্ত্রিক। রাষ্ট্র যেখানে শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য সংগঠন করার অধিকার দিয়েছে, সেখানে কারখানা মালিক কীভাবে এমন আচরণ করেন?" দ্রুত সময়ের মধ্যে তাঁদের কাজে ফিরিয়ে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
পটুয়াখালীর যাত্রী সাজ্জাদুল ইসলাম বলেন, "ঢাকা থেকে নির্বিঘ্নে আসলেও এখানে অবরোধে আটকে এখন চরম ভোগান্তিতে আছি।" মহাসড়ক অবরোধ না করে বিকল্প উপায়ে দাবি আদায়ের আন্দোলন করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এনআই