নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা।
রোববার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক কাজী হাফিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনের সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন কাজী জেবেল, অপর প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টেলিভিশনের নিয়াজ মোর্শেদ পান ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ইকরাম-ইদ দৌলা পান ৩৭ ভোট, অপর দুই প্রতিদ্বন্দ্বী আলোকিত বাংলাদেশের আরিফুল ইসলাম ৩২ ভোট এবং বাংলাদেশ প্রতিদিনের গোলাম রব্বানী পেয়েছেন ১২।
কার্যনির্বাহী কমিটির অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এম লিংকন, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরটিএনএন এর সিনিয়র রিপোর্টার এস এম নাঈম, সাংগঠনিক সম্পাদক পদে টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আল-আমিন, দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সারাবাংলা ডট নেটের সিনিয়র রিপোর্টার নাজনীন আক্তার লাকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তোফাজ্জেল হোসেন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. বেলায়েত হোসেন, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার রিয়াজ হোসেন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মাসুদ রায়হান পলাশ ও আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম।
আরইউ